বিজ্ঞাপন

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে বৃদ্ধা আহত

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে বৃদ্ধা আহত

গোপালগঞ্জের কোটালীপাড়ার কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে লাল মোন বিবি (৬৫) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহত লাল মোন বিবিকে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাধাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। লাল মোন বিবি কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের মৃত আশরাফ আলী সরদারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এমদাদুল হক বলেন, লাল মোন বিবি একজন দরিদ্র মানুষ। বিভিন্ন এলাকায় লোহা, প্লাস্টিকের বোতল, কাগজসহ বিভিন্ন মালামাল কুড়িয়ে এনে ভাঙ্গারির দোকানে বিক্রি করেন। অন্যান্য দিনের মতো আজ সারাদিন বিভিন্ন এলাকা থেকে মালামাল কুড়িয়ে রাধাগঞ্জ এলাকায় মালামালগুলো বাছাই করছিল।

এ সময় কুড়িয়ে পাওয়া লাল টেপ দিয়ে মোড়ানো একটি জর্দার কৌটা (ককটেল) বাছাইয়ের সময় বিস্ফোরণ ঘটে। এতে তিনি আহত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, নারীর বাম হাতের বৃদ্ধাঙ্গুলের নিচে গভীর ক্ষত হয়েছে। এছাড়া গাল ও বাম হাতের কনুইয়ের উপরে কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

আশিক জামান অভি/এমজে