বিজ্ঞাপন

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মাদারীপুরের খাগদী বাসস্ট্যান্ডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ওপর সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের সাধারণ যাত্রী ও চালকরা।

জানা যায়, ওসমান হাদিকে গুলি করে হত্যার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি সরকার ও প্রশাসন। এতে ক্ষোভে ফেটে পড়েছে সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে তারা রাজপথে নেমে আসে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার জনগণের আয়োজনে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের খাগদী বাসস্ট্যান্ডে টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ও অবরোধ।

এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতাকর্মী, মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। ব্যানার হাতে নিয়ে মহাসড়কের মাঝখানে বসে তারা আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, হাদি কী চায়, আজাদি, হাদি হত্যার বিচার চাই -সহ নানা স্লোগান দেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের সাধারণ যাত্রী ও চালকরা। একপর্যায়ে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়ে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে স্বেচ্ছায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদারীপুরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যকরী সদস্য ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক হাফেজ আ. রহিম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রোমান শেখ, যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, সহ-মুখ্য সংগঠক জহিরুল ইসলাম সানি, যুগ্ম সদস্য সচিব তানভীর, সদস্য আরাফাত উল্লাহসহ সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

আকাশ আহম্মেদ সোহেল/এআরবি