ভৈরবে আসছেন তারেক রহমান, জনসমুদ্রে রূপ দিতে বিএনপির মহাপ্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ও নির্বাচনী জনসভাকে সফল করতে ভৈরবে প্রস্তুতিমূলক সভা করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ভৈরবের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর সিলেট থেকে ঢাকা ফেরার পথে তিনি ভৈরব পৌর স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নেবেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন এবং কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। এছাড়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও সভায় অংশ নেন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২২ জানুয়ারি বিকেলে ভৈরব স্টেডিয়ামে আয়োজিত জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসমাগমে রূপ দেওয়া হবে। ওই জনসভায় কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একই সঙ্গে নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী (সিএসএফ)-এর কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টিম সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এমএএস