বিজ্ঞাপন

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

নওগাঁর পত্নীতলায় কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উৎসুক জনতা ট্রাক ভাংচুর এবং চালককে মারধর করেন।

নিহতরা হলেন—উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের কাওছার আলীর স্ত্রী খাতিজা (২৮) এবং তার মেয়ে ফাতেমা (৯)।

পত্নীতলা থানা-পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে নজিপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কাওছার আলী। মোটরসাইকেলটি নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে সাপাহার থেকে আসা নজিপুর অভিমুখী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে পত্নীতলা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘতাক ট্রাকটিকে জব্দ এবং ট্রাক চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

মনিরুল ইসলাম শামীম/এএমকে

বিজ্ঞাপন