হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দিদার ও সম্পদ নামের এনসিপির দুই কর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন শুক্রবার (৩০ জানুয়ারি) তালতলা বাজারে এনসিপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দলের এক কর্মী আহত হন। ওই ঘটনার প্রতিবাদ ও কর্মীদের মনোবল চাঙা করতে শনিবার রাতে সেখানে পথসভার আয়োজন করেন হান্নান মাসউদ। পথসভায় ব্যাপক জনসমাগম ঘটে। তবে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পেছন দিক থেকে ইট নিক্ষেপ করা হলে দিদার ও সম্পদ বামের দুইজন কর্মী আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হৃদয় ঢাকা পোস্টকে বলেন, হান্নান মাসউদের বক্তব্য চলাকালে তাকে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে চোরাগোপ্তা হামলা চালানো হয়। ইটের আঘাতে দুইজন কর্মী গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে ঢাকা পোস্টকে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন। আজ পথসভায় সন্ত্রাসীরা চোরাগোপ্তা হামলা করেছে। এর মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আমি গতকাল ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, ইট নিক্ষেপের ঘটনার খবর আমরা পেয়েছি। আমার পুলিশের তিনটি টিম সেখানে রয়েছে। অন্ধকার স্থান থেকে একটি ইট নিক্ষেপ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/এমএন