বিজ্ঞাপন

বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ৪

বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত, আহত ৪

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় পল্লী মঙ্গল সমিতির ডোবা জমিতে নির্মাণাধীন ম্যাক ফেয়ার নামের হিমাগারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত শ্রমিকদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের লিডার মইনুল ইসলাম। তিনি জানান, সন্ধ্যার পর হিমাগারটির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ছাদটি ধসে পড়ে। এতে চারজন শ্রমিক গুরুতর আহত হলেও, তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে আমিনুল ইসলাম কাঁচা ঢালাই ও রডের নিচে চাপা পড়েন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আমিনুল ইসলামের মরদেহের অর্ধেক উদ্ধার করা হয়েছে এবং বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।

আব্দুল মোমিন/এএমকে/এমজে