পাওনা টাকার দাবিতে শ্রমিকদের অবরোধ, কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটি ও পাওনা টাকার দাবিতে শ্রমিকরা অবরোধ করায় ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড নামে একটি কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যু এলাকায় কারখানাটির প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কারখানার শ্রমিকরা সকালে এসে এই নোটিশ দেখতে পান তারা।
এর আগে, গতকাল রোববার দুপুরের পর থেকেই কারখানার বাৎসরিক ছুটি ও পাওনা টাকার দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
শ্রমিকরা জানান, গত এক বছর আগের ছুটির আট হাজার টাকা চলতি বছরের প্রথমে দেওয়ার কথা থাকলেও এখনও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। এ নিয়ে একাধিকবার শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তবে কর্তৃপক্ষ অন্যান্য টাকা পরিশোধ করলেও ছুটির টাকা পরিশোধ না করায় শ্রমিকরা আন্দোলন শুরু করে। এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ সোমবার সকালে কারখানা বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানা ফটকে গেলে কারখানাটি বন্ধ দেখতে পান। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানার শ্রমিক আলম মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমাদের এক বছরের ছুটি বাবদ টাকা পাওয়ার কথা। মালিক পক্ষ টাকা না দিয়ে নানা রকমের বাহানা করছে। তাই আমরা আন্দোলন করেছি। এরপর আজ সকালে গিয়ে দেখি কারখানা বন্ধ।
সোহরাব মিয়া নামে আরেক শ্রমিক বলেন, পাওনা টাকা চেয়ে আন্দোলন করায় মালিক পক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। আমাদের কয়েকশ শ্রমিক পরিবার নিয়ে এখন না খেয়ে থাকবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, কারখানা বন্ধের পর সকালে শ্রমিকরা সেখানে জড়ো হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো সমস্যা সৃষ্টি হয়নি। তবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে; দ্রুত বিষয়টি সমাধান হবে।
আশিকুর রহমান/এসএইচএ