নেত্রকোণায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত আন্দোলনের প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (নেত্রকোণা-বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি তিনি বিএনপির প্রার্থী ডা. আনোয়ারুল হককে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সময় তিনি বলেন, জামায়েত ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মুনাফিকি করে আসছে। আপনারা দেখেন চরমোনাইয়ের হুজুর হাতপাখা মার্কা উনি বের হয়ে এসেছেন। আরো অন্যান্য দল বের হয়ে আসছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনকে ওনারা বলেছিলেন কিছু আসন সমঝোতা করবেন, কিন্তু তারা আসন সমঝোতা করেন নাই।
আমি যেহেতু কেন্দ্রীয় দায়িত্বে আছি, আমি উনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনাদের বাসায় গিয়ে সাক্ষাৎ পাইনি। অর্থাৎ উনারা আমাদেরকে বিভিন্ন সমাবেশে ব্যবহার করেছেন। আপনারা জানেন সর্বশেষ তারা যখন ৩০০ আসনে প্রার্থী দেয়, নিচে লেখা ছিল কয়েকটা দলের বিষয়ে আসন সমঝোতা হয়নি। তারই অংশ হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতা হয়নি।
১১ দলীয় ঐক্য অবমূল্যায়নের কারণে আপনারা নির্বাচন থেকে সরে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে এ প্রার্থী বলেন, হ্যাঁ, অবশ্যই আমরা অবমূল্যায়নের কারণে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছি। আমি মনে করি একটি দলই আছে যেটি হচ্ছে রিকশা মার্কা এবং আরেকটি হচ্ছে জামায়াত। এছাড়া বাকি সব হচ্ছে জামায়াতের ‘বি’ টিম। কারণ তারা জানে যেকোনো সময় তাদের নিবন্ধন বাতিল হতে পারে বা বিভিন্ন সমস্যায় পড়তে পারে। এজন্য এরকম ‘বি’ টিম তারা রেডি রাখে।
এটি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বটগাছ মার্কার এ প্রার্থী জানান, এটি তাদের জেলা খেলাফত আন্দোলন কমিটির সিদ্ধান্ত। কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
চয়ন দেবনাথ/আরকে