জয়পুরহাটে ভোজের আয়োজন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ভোজের আয়োজন করার অভিযোগে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধ বিষয়ে তাকে শোকজ করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। এদিন দুপুর ২টায় কমিটির পক্ষ থেকে বেঞ্চ সহকারী রুহুল আমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
নোটিশ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকিলুর রহমানের বাড়ির উঠানে ভোটারদের জন্য ভোজের আয়োজন করা হচ্ছিল। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না করতে দেখেন এবং আরও দুটি পাতিলে রান্নার প্রস্তুতি চলতে দেখেন। কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, নির্বাচনী পথসভায় উপস্থিত লোকজনের আপ্যায়নের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছিল। পরবর্তীতে রান্না করা খিচুড়ি ও রান্নার সামগ্রী চাল, ডাল ও তেল জব্দ করে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ভোটারগণের জন্য যে কোনো ধরনের আপ্যায়ন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২ক) এর পরিপন্থি। এ অবস্থায় বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এ দায় আব্দুল বারী এড়িয়ে যেতে পারেন না। উপযুক্ত কারণে কেন আপনার বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২ক) লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে গ্রহণ পূর্বক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিএনপির প্রার্থী আব্দুল বারীর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চম্পক কুমার/এসএইচএ