শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে ভিন্নধর্মী রাজনৈতিক উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তার উদ্যোগে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানারে জনপদের উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ধারাবাহিক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এসব সমাবেশে বিএনপির প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা যায়, আগামী ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ব্রজেন্দ্রগঞ্জ আর.সি. উচ্চ বিদ্যালয় মাঠে (শ্যামারচর বাজার) প্রথম গণসমাবেশ অনুষ্ঠিত হবে। একই কর্মসূচির অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শাল্লার শহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় দিরাই পৌরসভার মিনি স্টেডিয়ামে গণসমাবেশ আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রতিযোগিতার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক চর্চা ও মতপ্রকাশের সুযোগ তৈরি করাই এই গণসমাবেশের মূল উদ্দেশ্য। এ কারণে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি আগামী ৫, ৮ ও ৯ ফেব্রুয়ারি আমাদের জনসভায় উপস্থিত হয়ে সবাই নিজেদের বক্তব্য তুলে ধরবেন। দিরাই-শাল্লায় একটি নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক এই প্রত্যাশাই আমাদের।
তিনি আরও বলেন, প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিদের অংশগ্রহণ দিরাই-শাল্লায় সহনশীল, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
এ বিষয়ে সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাছির চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠজন রুদ্র মিজান জানান, এ বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। শিশির মনির চাইলে দাওয়াত দিতেই পারেন, কিন্তু তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের হতেন, তাহলে আমরা সেখানে যেতাম।
তামিম রায়হান/আরএআর