কক্সবাজারে ভূমিকম্প অনুভূত

কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৩৪ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে পর্যটন নগরী কক্সবাজার। এ ছাড়া, পার্শ্ববর্তী উখিয়া, টেকনাফ ও রামু উপজেলায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট আর্থকোয়াক ট্র্যাক বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং উৎপত্তিস্থল মিয়ানমারের রাখাইন প্রদেশের 'আন' টাউনশীপ এলাকায়।
মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৬ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬২.৭ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর না মিললেও আকস্মিক ভূমিকম্পে স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়েছে।
শহরের একটি হোটেলের কর্মকর্তা মো. রিদুয়ান বলেন, অন্তত ৯-১০ সেকেন্ড ধরে কাঁপছিল চারপাশ। আমার হোটেলের পর্যটকরা ভীত হয়ে বেরিয়ে আসেন আল্লাহ রক্ষা করেছে।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের যুবক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আশ্রয় জীবনে এই প্রথম এতোবড় ভূমিকম্প অনুভব করলাম, ক্যাম্প এলাকার মানুষ আগে কখনো এ ধরনের অবস্থায় পড়েনি। আজ পবিত্র শবে বরাতের রাত, আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুক প্রার্থনা করি।