ভুয়া পুলিশ সন্দেহে আসল পুলিশকে মারধর

নীলফামারীর সৈয়দপুরে আসামি ধরতে এসে ভুয়া পুলিশ সন্দেহে আসল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পিবিআই পরিচয়ে কয়েকজন ব্যক্তি এসে মহসিন নামে এক ব্যক্তিকে আটক করেন। এ সময়ে তিনি ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিক্ষুব্ধ অবস্থায় পুলিশের গাড়িটি অবরুদ্ধ করে। পরে গাড়িতে থাকা পিবিআইয়ের সদস্যদের মারধর করেন। এ সময় গাড়িটি ভাঙচুর করা হয়।
সৈয়দপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সৈয়দপুর থানা এলাকায় মহসিন নামে এক আসামিকে আটক করে। তিনি ভুয়া পুলিশ বলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে বিক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে। এ ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছেন। এ সময়ে পুলিশের সাদা গাড়ি মাইক্রোবাস ভাঙচুর করে। সেই সুযোগ আটক আসামি পালিয়ে যায়, পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে