ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত : এ্যানি

লক্ষ্মীপুরে একটি প্রিন্টার্সের দোকান থেকে অবৈধভাবে প্রস্তুতকৃত ১৬ ঘর বিশিষ্ট ভোটের ৬টি সিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনাসহ বিভিন্ন স্থানে পেস্টুন ছেড়া ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এ সময় জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রধান নির্বাচনি কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সিলসহ সোহেল রানা নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে জামায়াতের কর্মী বলে জানতে পেরেছি। হয়তোবা তার পদ পদবিও রয়েছে। একটি কম্পিউটারসহ ৬টা সিল জব্দ করা হয়েছে। সিলগুলো কে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চই এর পেছনে অনেক কলকব্জা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব নিকাশ রয়েছে। এর বাহিরে যে আরও অনেক জায়গায় সিল বানানো হয়নি সেটা প্রশাসনকে অবশ্যই সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এ ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সিলের পাশাপাশি নিশ্চই ব্যালট বানানোরও ঘটনা ঘটতে পারে।
এ্যানি বলেন, সোহেলের সিল বানানোর পেছনে কার ইন্ধন, কোন প্রার্থীর-কোন নেতার ইন্ধন কীভাবে এই সিলগুলো বানানো হলো এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট এবং জালিয়াতি করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সরকারকে নির্বাচন কমিশনকে এ উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু লক্ষ্মীপুর নয়, সারাদেশেই বিভিন্ন কারখানায় বিভিন্ন প্রিন্টার্সে সিল ও ব্যালট প্রস্তুতের প্রচেষ্টা ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে।
সম্প্রতি জাল ভোট দেওয়ার লক্ষ্যে জামায়াত ৫০ হাজার বোরকার অর্ডার দিয়েছেন বলে মন্তব্য করে আসছেন এ্যানি চৌধুরী। এ বক্তব্যের কোন প্রমাণ আছে কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এ্যানি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কীভাবে হয় এটা প্রমাণসহ আজকে মারইয়াম প্রিন্টার্স থেকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বুঝা গেছে। শুধু বোরকা নয়, বোরকার ভেতরে সিলকৃত ব্যালট থাকার মতো পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। বোরকার ভেতরেই এই প্রচেষ্টা তারা করবে।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।
হাসান মাহমুদ শাকিল/আরএআর