মানিকগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর দুর্গম এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বোমা, ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মানিকগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি দল। অভিযানকালে ওই বাজারসংলগ্ন একটি সেতুর নিচ থেকে পাকিস্তানের তৈরি একটি রিভলবার, পাঁচটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়।
সেনা কর্মকর্তা ওয়াসিম আকরাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে যৌথবাহিনী সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে এবং সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। উদ্ধার করা বোমাটি সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ধ্বংস করে। এ ছাড়া, পিস্তল ও ককটেলসহ অন্যান্য উদ্ধার করা সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, তাদের কাছে একটি রিভলবার, একটি চাপাতি ও রিকশার পাঁচটি চেইন হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।
সোহেল হোসেন/এমজে