বদ্দার জন্য ধানের শীষে ভোট চাইলেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে বড় ভাই সম্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি আমার বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই, ওনাকে আমি সবসময় সম্মান করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ১৯৭৯ সাল থেকে এই এলাকার সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ছিলেন। ইনশাআল্লাহ, আপনারা যদি বড় ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন তিনি আরও বেশি মর্যাদাবান হবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার কিছু আগে উখিয়ার কোটবাজারে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি (শাহজাহান চৌধুরী) কক্সবাজার জেলা বিএনপির সবচেয়ে বেশি সময় ধরে সভাপতি। ওনার পরিপক্ক বয়স, জনগণকে সেবা দেওয়ার বয়স এবং দলের ত্যাগী নেতা। সুতরাং ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। জনগণের দল বিএনপি এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি বাংলাদেশের জনগণের স্বপ্নপূরণ করবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ধানের শীষ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতীক হিসেবে নিয়েছিলেন, কারণ এটি বাংলাদেশের মার্কা, আপামর জনতার মার্কা। অতীতে যেমন আপনাদের সেবক ছিলাম, আমৃত্যু সেবকই থাকবো, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না বক্তব্য দেন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় জেলা-উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রসঙ্গত, কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করছেন সালাহউদ্দিন আহমদ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার বাইরে এসে এই প্রথম তিনি অন্য এলাকায় ধানের শীষের প্রচার অংশ নিয়েছেন।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে