আশুলিয়ায় সাবেক যুবদল নেতাসহ আটক ৩, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

সাভারের আশুলিয়ায় সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর আলম মণ্ডলসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে ভোরে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী।
আটকরা হলেন- আশুলিয়ার তালপট্টি এলাকার সায়েদ আলী মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম মণ্ডল (৪৫)। তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়া বগুড়ার সদর থানার পাকা কাঞ্চনপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে স্বপন ওরফে চাপাতি স্বপন (৪০) এবং নওগাঁ জেলার বানি নগর থানার কাশিমপুর এলাকার রেজ্জাক সর্দারের ছেলে ফারজুল ( ৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার তালপট্টি এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় সাবেক যুবদল নেতাসহ তিনজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১৫টি ছোট চাকু, ২টি দা, ৪টি মোবাইল, ১৯টি কাঠের লাঠি ও ১২টি ককটেল উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, তিনজনকে যৌথ বাহিনী থানায় হস্তান্তরের পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে ককটলে ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এসএইচএ