ব্যালট বিপ্লবে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতির বিদায় হবে : মামুনুল হক

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস ও দুর্নীতিকে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে যাদের পুনর্বাসন হয়েছে, তাদের একটি অংশ আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ নামক স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। জনগণ এবার ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে। জনগণ এখন সচেতন। এবার সকলেই ১১ দলীয় জোট প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। রিকশা মার্কার জোয়ার বইছে।
এ সময় তিনি স্লোগান দিয়ে বলেন, একাত্তরের মার্কা রিকশা রিকশা, চব্বিশের মার্কা রিকশা রিকশা। সকলেই রিকশা মার্কায় ভোট দিয়ে ভালো মানুষকে সংসদে পাঠাবেন।
দুপুর থেকেই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশ নেন। এতে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
খেলাফত মজলিসের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী।
এছাড়াও জনসভায় খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান ও কর্মসূচি তুলে ধরেন।
হৃদয়/আরএআর