১৯৭১ সালে জিয়াউর রহমানের ভাষণে অনুপ্রাণিত হয়ে বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম। তিন মাস প্রশিক্ষণ শেষে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। বাগেরহাটবাসীর জন্য আজীবন কাজ করার কথাও বলেন এই মুক্তিযোদ্ধা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমএএইচ সেলিম বলেন, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে কোনো দল বা গোষ্ঠীর এমপি নয়, সবার এমপি হবো। সাধারণ মানুষের অধিকার রক্ষাই হবে আমার মূল কাজ। আমি এমপি হলে ঘের দখল, চাঁদাবাজি, লবণ পানি ঢুকিয়ে ধান চাষ বন্ধ করার মতো অন্যায় আর চলবে না।
জনসভায় বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, মো. মুনসুর শিকদারসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, তাদের নির্বাচনী অফিসে তালা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং ব্যানার ভাঙচুর করা হচ্ছে। এসব করে তাদের দমিয়ে রাখা যাবে না। তারা বলেন, বাগেরহাটের মানুষ এবার সততা ও যোগ্যতার ভিত্তিতেই ভোট দেবে। কোনো সন্ত্রাসী, দখলবাজ বা দুর্নীতিবাজ প্রার্থীকে ভোট দেবে না।
এমএএস
