সস্তা দামে জান্নাত বিক্রির চেষ্টা এদেশে সফল হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা সস্তা দামে জান্নাত বিক্রি করার চেষ্টা করছে, আমার মা-বোনদের বিভ্রান্তি করার চেষ্টা করছে, তারা কোনদিন এদেশে সফল হবে না। আমি কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারে আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে; এদেশের মা-বোনদের পাকিস্তানি হানাদারদের হাতে হস্তান্তর করেছে। সংখ্যালঘুদের নির্যাতন করেছে তারা কীভাবে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বলে (নাউজুবিল্লাহ)। বিকৃত ইতিহাস বলছে। তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকেই অস্বীকার করতে চায়। অবশ্য মাঝে মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিন্তু তার আগে বলে অলি সাহেব নাকি বিদ্রোহ ঘোষণা করেছিলেন।
মুক্তিযুদ্ধের ইতিহাস আক্রান্ত হলে চুপ থাকা যায় না উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসে লেখা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া ‘উই রিভোল্ট’ বলে তার সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পঁচিশ তারিখের দিনগত রাতে ছাব্বিশ তারিখের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেজন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশ তারিখ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বন্ধুগণ, কারো বিপক্ষে বলা আমার অভ্যাস নয় কিন্তু যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আক্রান্ত হবে, ইতিহাস আক্রান্ত হবে সেখানে আমি একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসেবে চুপ থাকতে পারি না।
বিএনপি চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ধারণ করে জানিয়ে সাবেক প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের একটি পরিকল্পনা আছে- আমার নেতা ঘোষণা করেছেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’, আমরা তার সাথে সুর মিলিয়ে বলছি ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’। আমাদের একটি পরিকল্পনা আছে এদেশের অর্থনৈতিক মুক্তির জন্য, আমাদের একটি পরিকল্পনা আছে, গণতন্ত্রকে সুসংহত ও দৃঢ় করার জন্য। আমাদের পরিকল্পনা আছে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্র বিনিমার্ণের জন্য যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের সন্তানেরা দেখেছিলেন , যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে চব্বিশের ছাত্র গণ-অভ্যুত্থানে, তাদের সেই স্বপ্নকে আমরা ধারণ করি। আমরা আশা করি, আগামী ১২ তারিখ সারাদেশের মানুষ ধানের শীষের ভোটে দিয়ে সুশাসনের রাষ্ট্র বিনিমার্ণের জন্য সহায়তা করবেন।
সভার বিশেষ অতিথি বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন, ইনসাফের কথা বলে যারা ভোট চাচ্ছে, যারা নিজেদের শরীক দলের সাথে আসন বণ্টনে ইনসাফ করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ইনসাফ রক্ষা করতে পারবে না।
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজল।
সভায় কাজলের হাত উঁচিয়ে ধরে সালাহউদ্দিন আহমদ আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ