খুলনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খুলনায় বাবুল মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর রেলওয়ে হাসপাতাল রোডের মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা ওই এলাকার মৃত লালচান মোল্লার ছেলে। তিনি হাসপাতাল রোডের মাটিপট্টি বস্তিতে ভাড়া থাকতেন।
নিহতের মেয়ে রিমি বলেন, প্রতিবেশীরা আমার বাবাকে মারধর করেছেন। বিকেলেই এটা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ এটা ঠেকানোর উদ্যোগ নেয়নি।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন বলেন, আজ বিকেলে পানি ছেটানো নিয়ে বস্তির আরেকটি পরিবারের সঙ্গে বাবুল মোল্লার পরিবারের ছোটদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সেটা বড়দের মাঝে ঝগড়ায় রূপ নেয়। তারপর সেটি মিটে যায়। কিন্তু এ ঘটনার জের ধরে রাতে দুইপক্ষের কিল-ঘুষির মধ্যে বাবুল মোল্লা পড়ে যায়। তারও আঘাত লাগে। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযান চলছে, দোষীদের আটক করা হবে।
ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবুও তদন্ত চলছে।
মোহাম্মদ মিলন/আরকে