জামায়াতের বিরুদ্ধে উন্নয়ন মঞ্চের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির ধানের শীষের প্রচারণায় উন্নয়ন মঞ্চের নারী কর্মীদের বাধা ও হেনস্তার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের নীলসাগর গ্রুপের পরিবহন পুল চত্বরে নীলফামারীর উন্নয়ন মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
উন্নয়ন মঞ্চের নারী কর্মী শারমিন আক্তার বলেন, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খোকশাবাড়ি বেলতলী বাজারে নীলফামারী ২ আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ৯ জন নারীদের একটি দল ভোটের প্রচারে যায়। সেখানে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ায় স্থানীয় জাহাঙ্গীর, বাবু, রাশেদ, খোকন নামের কয়েক ব্যক্তি আমাদের প্রতি অশালীন আচরণ, অকথ্য ভাষায় গালাগালি ও হেনস্তা করেন। স্থানীয়রা আমাদেরকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তাদের পরিচয় জানতে পারি তারা জামায়াত-শিবিরের কর্মী।
নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমীন বলেন, নীলফামারীর উন্নয়নের জন্য উন্নয়ন মঞ্চের কর্মীরা ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে ভোটের কাজ করছেন। তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা চাই না নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হোক। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, নারী কর্মীদের হেনস্তকারীদের চিহিৃত করে আইন আওতায় আনার দাবি জানাচ্ছি।
শাহজাহান ইসলাম লেলিন/আরকে