স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় কমপক্ষে দুইজন গুলিবিদ্ধসহ একাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে গুলিবিদ্ধ ফয়সাল নামের একজনের পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও ইউনিয়ন বিএনপি সভাপতি আওলাদ হোসেন মোল্লার লোকজন ককটেল নিয়ে হামলা করে। পরে এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজনকে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দুই-তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান করছি।
ব. ম শামীম/এএমকে