যারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন তাদের অবস্থানও দিল্লিতে হবে

অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত সময় যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, যারা কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, যারা আপনার আমার ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল তাদের কী পরিণতি হয়েছে আমরা দেখেছি। তারা এখন দিল্লিতে আছেন। আমরা সতর্ক করে বলে দিতে চাই- যারা আবারও কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন, যারা আবারও দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত জনতাকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন তাদের অবস্থানও কিন্তু দিল্লিতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক। বিগত ১৭ বছরে একটি দল মানুষের ভোটাধিকার হরণ করেছে। বর্তমানে একটি দল মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই- বাংলার মানুষ আপনাদেরকে চরমভাবে প্রতিহত করবেন।
মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী, পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।
শাফিউল মিল্লাত/আরএআর