বরিশাল-৫ আসনে (বরিশাল সদর) ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ মুফতি ফয়জুল করীম বলেছেন, একবার আমাকে সুযোগ দিন, চাঁদাবাজ ও দুর্নীতির কবর রচনা করবর। ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শহীদ মিনারে আয়োজিত হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, হাতজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, একবার আমাকে পরীক্ষা করুন। যদি ফেল করি, দ্বিতীয়বার আর আপনাদের কাছে ভোট চাইতে আসব না। অনেককে আপনারা সংসদে পাঠিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু বরিশালবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি।
তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে একটি মিথ্যা মামলাও থাকবে না। বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব, মা-বোনদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। নির্বাচিত হলে প্রথম কাজ হবে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন। সব সংকটের মূলে দুর্নীতি। সমাজে দুর্নীতির কোনো জায়গা থাকতে দেব না।
বিজ্ঞাপন
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ক্ষমতার পরিবর্তন হয় কিন্তু গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বিগত দিনে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে অনেকে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।
২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গে রেজাউল করিম বলেন, গণঅভ্যুত্থানে আমি সামনের সারিতে ছিলাম। বুলডোজার ও গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি শুধু ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের প্রত্যাশায়। অভ্যুত্থানের সামনের সারিতে তারেক রহমান ছিলেন না, সালাউদ্দিন সাহেব ছিলেন, ডা. শফিকুর রহমান ছিলেন না। ৫ আগস্টের পর একটা দল হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে। লক্ষ- লক্ষ, কোটি-কোটি টাকা মামলা বাণিজ্য করেছে।
শেষে তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির গজব থেকে বাঁচাতে অন্তত একবার আমাকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন।
বিজ্ঞাপন
জনসমাবেশ পরবর্তী বরিশাল সদর রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে হাতপাখার পক্ষে বিশাল গণমিছিল বের করা হয়।
আরিফ হোসেন/এসএইচএ
