এই নির্বাচন নির্ধারণ করবে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণতন্ত্রের প্রধান আকর্ষণ হচ্ছে নির্বাচন, অথচ বিগত ১৭ বছর দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। স্বৈরাচার সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল। অনেক লড়াই সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার পাইকগাছা বয়েজ স্কুল ফুটবল খেলার মাঠে খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, এই নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ভবিষ্যতে গণতন্ত্রের পথে হাঁটবে কিনা, উন্নয়নের পথে থাকবে কিনা, তা নির্ভর করছে এই নির্বাচনের ওপর। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে, বাংলাদেশকে পৃথিবীতে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে এবং হ্যাঁ ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা এই নির্বাচন নির্ধারণ করবে। বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে আমরা সবাই মিলে দেশটাকে গড়বো। সকল ধর্মের এবং সকল মতের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল থাকবে।
নির্বাচনি জনসভায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বিশুদ্ধ পানির সমস্যা নিরসন, চিকিৎসাসেবা নিশ্চিত, যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করবো। দলীয় কোনো নেতাকর্মী দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সকল মানুষ নিরাপদে বসবাস করবে।
প্রধান নির্বাচনী এজেন্ট উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শেখ সামসুল আলম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী।
মোহাম্মদ মিলন/আরএআর