সাড়ে ১৬ বছর মানবেতর জীবন পার করেছি : নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমাদের ঘরে শান্তি ছিল না। পুলিশ বসতঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজে বের করে ধরে নিয়ে যেত। সেই ভয়াবহ দিনগুলোর কথা আজও মনে পড়লে শিউরে উঠি।
এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আমার ছোট ভাইকে গ্রেপ্তার করে চার মাস গুম করে রাখা হয়েছিল। আমরা ভেবেছিলাম তাকে আর ফিরে পাব না। কিন্তু চার মাস পর তাকে পাওয়া যায়। আমার প্রতিটি ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অর্ধশত মিথ্যা মামলা মাথায় নিয়ে আমি সাড়ে ১৬ বছর মানবেতর জীবন যাপন করেছি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমরা সাড়ে ১৬ বছর নিজ বাড়িতে ঘুমাতে পারিনি। পুলিশ বসতঘরে ঢুকে তল্লাশি চালিয়ে যাকে পেত তাকে ধরে নিয়ে যেত। সবচেয়ে দুঃখজনক বিষয় বাবার মৃত্যুতে আমাকে জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি। ভাইয়ের জানাজায় অংশ নিতে পারলেও দাফন কার্যক্রম শুরুর আগেই ৬-৭টি পুলিশের গাড়ি আমার বাড়িতে এসে হাজির হয়।
দীর্ঘদিন নির্যাতনের শিকার হলেও তিনি কখনো এলাকার মানুষের পাশ থেকে সরে যাননি বলে দাবি করে তিনি বলেন, আগামীতেও জনগণের অধিকার আদায়ে করব। একই সমাবেশে ২৭ জন বিএনপির কর্মী নূরুল ইসলাম বুলবুলের মাধ্যমে জামায়াতে যোগ দেন।
এই সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও সাবেক জেলা আমির রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি, নয়েবে আমির ও সাবেক উপজেরা চেয়ারম্যান মুখলেসুর রহমান, সেক্রেটারি আবু বক্কর, পৌর জামায়াতের নায়েবে আমির শফিক এনায়েতুল্লাহ, সেক্রেটারি তহুরুল ইসলাম সোহেল ও চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজসহ প্রমুখ।
মো. আশিক আলী/এএমকে