দেশের মানুষ গণভোট বোঝে না : হারুনুর রশিদ

দেশের মানুষ যেমন পিআর পদ্ধতি জানে না, ঠিক তেমনি গণভোটও বোঝে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, গত শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম ১০ থেকে ১২ মিনিটের খুতবা দিয়েছেন। সমসাময়িক সময়ের জন্য এই বয়ানটি হচ্ছে শ্রেষ্ঠ বয়ান, সবচাইতে উল্লেখ্যযোগ্য ও গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন- প্রার্থীকে ভোট দেবেন জেনে শুনে বুঝে। শুধু প্রার্থীর প্রতীক দেখে নয় বরং প্রার্থীর চরিত্র কেমন, সে এলাকার জন্য সেবা করতে পারবে কি-না। এলাকার কল্যাণে কাজ করতে পারবে কি-না, তার সেই যোগ্যতা আছে কি-না। এই সমস্ত বিষয় আপনি জেনে বুঝে দেবেন। ভোট হচ্ছে আপনার বিরাট বড় আমানত। সুতরাং যারা চাইনিজ কুড়াল আর লাঠি দিয়ে হুঁশিয়ারি দিতে চায়, যারা ইতোপূর্বে বহু হত্যা মামলার আসামি, এই ধরনের প্রার্থীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, উনি (বায়তুল মোকাররমের খতিব) আরও গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন। কারণ আজকে নির্বাচনে দুইটি ব্যালট থাকবে। তার মধ্যে একটি সরকার গঠনের জন্য আপনি নির্বাচিত করবেন কোন প্রার্থীকে পছন্দ করেন। আরেকটি থাকবে হ্যাঁ আর না, কোনটিতে আপনি দেবেন। আমি বিগত দিনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন হ্যাঁতে ভোট দেবো নাকি নাতে ভোট দেবো। এ নিয়ে আমরা অন্ধকারে রয়েছি।
হারুনুর রশিদ বলেন, আজকে সরকার একটি বাইরের বিশেষ শক্তির ইন্ধনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ এক বছর যাবত সংস্কার সংস্কার করেছে। এই সংস্কারের বিষয়ে বিএনপি অংশগ্রহণ করেছে, অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে। কিন্ত দেশের মানুষ যেমন পিআর পদ্ধতি জানে না ঠিক তেমনি গণভোটও বোঝে না, হ্যাঁ বা না বোঝে না। এই জন্যই ইমাম মালেক সাহেব বলেছে- জেনে বুঝে আপনাকে ভোট দিতে হবে। কেন বলেছে। কারণ এটি একটি মুসিবতের প্রশ্ন । এখানে প্রায় ছয় বা সাতটি পয়েন্ট আছে। এখন আপনি চারটাতে একমত দুইটা চান না। সুতরাং আপনি তো এখানে অপশন রাখেন নাই। আপনি এমন রাখেন নাই যে তিনটাতে হ্যাঁ দেন আর তিনটাতে না দেন। আপনাকে সবটিতে হ্যাঁ দিতে হবে অথবা সবটিতে না দিতে হবে। তাই আমি উনার (বায়তুল মোকারমের খতিব) ভাষণটা বার বার শুনেছি। উনি বলেছেন ইসলাম থাকলেই আপনাকে সেখানে ভোট দেওয়া যাবে না।
জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, চাঁপাই নবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী প্রমুখ।
আশিক আলী/আরএআর