বিজ্ঞাপন

সালথায় নির্বাচনী সভায় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

সালথায় নির্বাচনী সভায় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির নির্বাচনী সভায় অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর (৬৮) নামে সাবেক এক স্কুলশিক্ষক মারা গেছেন।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সালথা মডেল মাধ্যমিক সরকারি স্কুল মাঠে সভায় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সালে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসরে যান।

জানা যায়, ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। গতকাল সোমবার সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সভায় যোগ দিতে এসে শিক্ষক সিদ্দিক মাতুব্বর অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গতকাল সোমবার নির্বাচনী সভায় যোগ দিতে এসে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।

জহির হোসেন/এসএইচএ

বিজ্ঞাপন