ভোট দিতে ঘরে ফেরা মানুষের ঢল, দৌলতদিয়া ঘাটে উপচেপড়া ভিড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিজ নির্বাচনীয় এলাকায় ফিরতে শুরু করেছে লাখো মানুষ। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সরেজমিনে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, মোটরসাইকেল, পরিবহন, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আগত মানুষেরা ফেরি হতে নেমে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এছাড়া পাথুরিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি লঞ্চেও মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। মানুষ তাদের নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়িতে ফিরতে শুরু করেছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার ও শনিবার সরকারিভাবে সাধারণ ছুটি রয়েছে। এ নিয়ে টানা ৪ দিনের ছুটি পেয়ে বাড়িতে ফিরতে শুরু করেছে শহরে বসবাসরত মানুষ।
দৌলতদিয়া ৭নং ফেরিঘাট ঢাকা হতে আগত পাংশাগামী যাত্রী মনিরুজ্জামান শোভন বলেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলার সংসদীয় আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়িতে যাচ্ছি। দেশজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। আশা করি ন্যায় ও ইনসাফ বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীকে নিজে ভোট দেবে এবং পরিবারের সবাইকে ভোট দিতে উৎসাহিত করব।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার রাত থেকেই ভোট দিতে আসা ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। তবে ঘাটে কোনো যানবাহনের জট নেই। দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া পাটুরিয়াগামী অধিকাংশ ফেরিই অল্প কিছু গাড়ি নিয়ে ছেড়ে যাচ্ছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
এদিকে সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বিভিন্ন যানবাহনের চালক। বিভিন্ন গন্তব্যে যেতে ২০ টাকা থেকে ৫০ টাকা আবার দুরত্ব বুঝে ১০০ টাকারও বেশি ভাড়া আদায় করছে চালকেরা। এতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ যাত্রীরা।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে