সাতক্ষীরায় ককটেল-গুলিসহ যুবক আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় ককটেল, পিস্তলের গুলি ও মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার আলিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মো. আবু মুসা (৩২) নামে এক ব্যক্তিকে ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে পাশের একটি বাঁশঝাড় থেকে ৫টি ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার সুযোগ দেওয়া হবে না। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি মাসুদুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইব্রাহিম খলিল/এসএইচএ