গাজীপুরে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে পাঁচ সংসদীয় আসন গাজীপুরের ৯৩৫টি ভোটকেন্দ্রে ১৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া নির্দেশনায় প্রতিটি কেন্দ্রে ভোটের মালামাল পৌঁছে দেয়া হয়। পরে একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়। এসময় র্যাব, পুলিশ, আনসার সশস্ত্রবাহিনী গাজীপুরের বিভিন্ন এলাকায় মহড়া জোরদার করে।
এদিকে গাজীপুরের রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষসহ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ উপজেলা থেকে ভোটের মালামাল পৌঁছে দেয়া হয় প্রতিটি কেন্দ্রে। ভোটকেন্দ্র ও মালামাল নিরাপত্তায় সেখানে আনসার ও পুলিশ মোতায়েন রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথবাহিনী টহল রয়েছে। বিভিন্ন হাট বাজারে জনসাধারণের আনাগোনা অনেকটাই কম। মধ্যরাত থেকে প্রাইভেটকারসহ চার ধরনের পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আলম হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে সুন্দরভাবে ভোটের মালামাল পৌঁছে দেয়া হয়েছে। পুরো গাজীপুরে নিরাপত্তায় ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামীকাল সকাল থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হবে। আমরা আশা করি, স্বতঃস্ফূর্তভাবে ভোট অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়াও প্রতিটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনায় বহু টিম কাজ করবে।
আশিকুর রহমান/এসএইচএ