জামায়াতের নির্বাচনি খরচের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনি কেন্দ্রের খরচের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের নেতাকর্মীরা ভোট কেনার জন্য টাকা নিয়ে বের হয়েছিলেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর উপজেলার চৌবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ আতাউর রহমান বলেন, নির্বাচনি কেন্দ্রের খরচের টাকা নিয়ে যাওয়ার সময় বিএনপির নেতা হাবিব ও মধুর নেতৃত্বে তাদের কর্মীদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের লাঞ্ছিত করা হয়।
তিনি জানান, এ ঘটনার ভিডিও তাদের কাছে রয়েছে এবং বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র ও ভিডিও থেকে জানা যায়, ভোট কেনার জন্য টাকা আনা হয়েছে- এমন অভিযোগ তুলে একটি সিএনজি থেকে কয়েকজনকে নামিয়ে তাদের কাছ থেকে ৭১ হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় আশপাশের লোকজন সেখানে জড়ো হন। ভিডিওতে বিএনপির কর্মীদের ভোট কেনার উদ্দেশ্যে টাকা বহনের দাবি করতে শোনা যায়।
এ বিষয়ে রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল মান্নান মধুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জামায়াতের নেতারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে টাকা দিয়ে ভোট কেনার উদ্দেশ্যে মাঠে এসেছিলেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে তাদের হাতেনাতে আটক করেন এবং ৭১ হাজার টাকা পান। পরে প্রশাসনের লোকজন এসে ওই টাকা তাদের কাছে ফেরত দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সিএনজিযোগে যাওয়ার সময় জামায়াতের সমর্থক চারজনকে বিএনপির নেতাকর্মীরা আটক করেন। তাদের দাবি, ভোট কেনার জন্য সংগ্রহ করা ৭১ হাজার টাকা উদ্ধার করে তা জামায়াতের নেতাদের দিয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, যা পোলিং এজেন্টদের খরচ ও স্বেচ্ছাসেবকদের জন্য টি-শার্ট ও ব্যাজ কেনার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তাদের কাছে কয়েকটি পোলিং এজেন্টের ফরমও পাওয়া গেছে। টাকার অঙ্কে গরমিল এবং উভয় পক্ষের বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় রাতে জামায়াত ও বিএনপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
নাজমুল হাসান/আরএআর