মুন্সীগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ৪

মুন্সীগঞ্জ-৩ আসনে সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইউনিয়নটির পূর্ব রাকিরকান্দি গ্রামের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর চারজন সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ আসনটিতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। আর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন মো. মহিউদ্দিন।
আহত ব্যক্তিরা হলেন— পূর্ব রাকিরকান্দি গ্রামের ইকবাল হোসেন (৩৮), একই গ্রামের মো. জয় (২৮), জুয়েল শেখ (৪০) ও আব্দুল জব্বার(৫৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পূর্ব রাকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ৪–৫ জন সমর্থক অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রতিপক্ষের জাকির হোসেন নেতৃত্বে লোকজন সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হামলার জন্য স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন জমাদ্দারের অনুসারীদের দায়ী করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন জমাদ্দার বলেন, আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এখানে কোনো ঘটনা ঘটলেই আমার নাম আসাটা স্বাভাবিক। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন।
অন্যদিকে, সদর উপজেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব সোহাগ দাবি করেন, আমরা ৪ থেকে ৫ জন দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ জাকির হোসেন জমাদ্দারের নেতৃত্বে ধানের শীষের ৩০ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়।
আহত জয় ব্যাপারী জানান, বিএনপির সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আসলে আমরা তাদের মিছিল করতে নিষেধ করি। কারণ, নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠি, ডাসা দিয়ে আমাদের ওপর হামলা করে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনায় উভয় পক্ষের মোট ৫–৬ জন আহতের খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শামীম/এসএইচএ