উৎসবের আমেজে পিরোজপুরে ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই পিরোজপরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শুরুর পর থেকে একাধিক কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন।
পশারীবুনিয়া গ্রামের গোলাম মোস্তফা বলেন, ভোটের দিন যেন কোনো ঝামেলা না হয়, তাই সকাল সকাল চলে এসেছি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। এবারই প্রথম ভোট দিতে এসে নুসরাত জাহান বলেন, সৌভাগ্যের বিষয় হচ্ছে প্রথম ভোটটাই ইতিহাস তৈরি হবে। আমরা এবার প্রার্থী নির্বাচনের পাশাপাশি গণভোটের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে পারবো।
৪৬ নম্বর পশ্চিম পশারীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইমরান হোসেন বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকেই ভোটারদের আশানুরূপ উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পিরোজপুরে তিনটি আসনের ৪১৮ ভোট কেন্দ্রে মোট ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন ভোটার ভোট প্রদান করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২৫ হাজার ৬৬ জন এবং নারী ভোটার ৫ লাখ ১৭ হাজার ৭৫৬ জন পাশাপাশি তিনটি আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোট প্রদান করবেন। তিনটি আসনে ১৫ জন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার তিনটি আসনের ৪১৮ ভোট কেন্দ্রে এবং সন্নিহিত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ১ হাজার ৬০০ জন, নৌ পুলিশ ৬৮ জন, সেনা সদস্য ৮০০ জন, বিজিবি ৪৬৩ জন, ব্যাটেলিয়ন আনসার ১১২ জন, র্যাব সদস্য ৬৫ জন, কোস্ট গার্ড ৮০ জন এবং আনসার ও ভিডিপি সদস্য রয়েছে ৫ হাজার ৪৩৪ জন। আইনশৃঙ্খলা রক্ষাকালীন পুলিশের ২৬৬ বডি-ওয়ার্ন ক্যামেরার মধ্যে ১৩৪ টি রয়েছে অনলাইন ক্যামেরা ও ১৩২ টি অফলাইন ক্যামেরা। এ ছাড়া জেলার ৪১৮ টি ভোট কেন্দ্রের জন্য সেনা, র্যাব, বিজিবি, পুলিশের ৪২ টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব দল সমন্বিতভাবে কাজ করছে।
এমআর