সিরাজগঞ্জে হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৪১ বছর বয়সী জুয়েল

হুইলচেয়ারে এসে তিন তলা পেরিয়ে ভোট দিয়েছেন ৪১ বছর বয়সী প্রতিবন্ধী মো. জুয়েল রানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
মো. জুয়েল রানা শাহেদনগর মালোপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে। তিনি কথা বলতে ও হাঁটতে পারেন না। ভোট দিতে হুইলচেয়ারে করে কেন্দ্রে আসেন তিনি।
কেন্দ্রটি তিন তলায় হওয়ায় তাকে সিঁড়ি বেয়ে ওপরে তুলতে সহযোগিতা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় কয়েকজন মানুষ।
ভোট প্রদান শেষে কথা বলতে না পারলেও তার চোখেমুখে আনন্দের ছাপ দেখা যায়। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগে তার উপস্থিতি কেন্দ্রে থাকা অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
নাজমুল হাসান/এসএইচএ