ভোট দিয়ে যা বললেন জামায়াত প্রার্থী শিশির মনির

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেছেন, এবারের সংসদ নির্বাচন শুধু ভোটগ্রহণ নয়, এটি পরিবর্তনের অঙ্গীকার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় শিশির মনির বলেন, বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এটা শুধু ভোট হচ্ছে না, এটা পরিবর্তনের অঙ্গীকার। আমি মনে করি, বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার প্রয়োগ করবে নতুন বন্দোবস্তের জন্য।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার যে পার্লামেন্ট হবে, সেখানে এ দেশের মানুষ গুরুত্বপূর্ণ লোকদের পাঠাবে; যারা এ পরিবর্তনের বার্তাকে ধারণ করে। দেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না। সেই সাথে জীবন মানের উন্নয়নসহ জবাবদিহিতামূলক সরকার চায়।
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বিএনপি, জামায়াতসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ২৫৩ জন। দুই উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫৯৬টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ২৮৪টি, নারী ভোটকক্ষ ৩১২টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৭টি।
তামিম রায়হান/এমআর