ঝিনাইদহে এক কেন্দ্রে দুই ঘণ্টায় পড়ল ১৪০০ ভোট

ঝিনাইদহে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি।
শহরের ৩১নং প্রবাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাফরান কবির জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬১০ জন এবং নারী ভোটার ৩ হাজার ১৭০ জন। ভোট শুরুর ২ ঘণ্টা ১০ মিনিটের মধ্যেই প্রায় ১ হাজার ৪০০ ভোট পড়েছে। কেন্দ্রের বাইরে তখনও শত শত ভোটারকে লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
এছাড়া শহরের সিটি কলেজ, কেশব চন্দ্র মহাবিদ্যালয়, আব্দুর রকিব মাধ্যমিক বিদ্যালয় ও উজির আলী ভোটকেন্দ্রেও ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
প্রতিটি ভোট কক্ষের বিএনপি ও জামায়াতের পোলিং এজেন্টদের দেখা গেছে। তবে অন্যান্য প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না।
সকাল সাড়ে ৭টায় কেশব চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল। তারা ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সকাল থেকেই জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপর উপস্থিতিতে কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঝিনাইদহে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আব্দুল্লাহ আল মামুন/আরকে