আনসারের কাঁধে ভর করে ভোট দিলেন বরিশালের শতবর্ষী বৃদ্ধ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার শতবর্ষী মোশারফ হোসেন আনসার সদস্যদের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দীর্ঘ বয়স ও চলাফেরায় সমস্যার কারণে আনসার সদস্যদের সহযোগিতায় নিয়ে তিনি ভোটকক্ষে প্রবেশ করেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনের চাঁদপাশা ইউনিয়নের ৪৪ নম্বর ঘটকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে তিনি ভোট দিতে আসেন।
মোশারফ হোসেন ঘটকেরচর গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা। বৃদ্ধ মোশারফ হোসেন বলেন, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব খুশি। কেউ আমাকে জোর করেনি। বয়স ১০০ বছরের বেশি। একা হাঁটতেও পারি না। ভাতিজা আমাকে বাড়ি থেকে কেন্দ্রে এনে দিয়েছে। আর দুইজন আনসার সদস্য আমাকে ভোটকক্ষে প্রবেশে সহায়তা করেছে।
তার ভাতিজা ফিরোজ মাহমুদ জানান, চাচা সাধারণত বাড়ির বাইরে বের হন না। তবে আজ তিনি নিজে থেকেই ভোট দিতে চেয়েছেন। তাই তাকে নিয়ে এসেছি। তিনি কম শুনতে পান।
সহযোগিতাকারী আনসার সদস্য তানবিন শরীফ বলেন, আমরা নির্বাচনের দায়িত্বে রয়েছি। অসুস্থ ও চলাফেরায় অক্ষম ভোটারদের সহযোগিতা করাই আমাদের কাজ। এই মুরব্বি খুবই বৃদ্ধ এবং হাঁটতে পারেন না। তাই তাকে কাঁধে করে ভোটকক্ষে পৌঁছে দিয়েছি।
আরিফ হোসেন/এসএইচএ