ভোটকেন্দ্রে পুলিশের পোশাক পরিহিত নারী আটক, পরিবারের কাছে হস্তান্তর

লালমনিরহাটের আদিতমারীতে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক মানসিকভাবে অসুস্থ নারীকে আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাদাই গিরিজা সংকর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই নারীর স্থায়ী বাড়ি উপজেলার নামরী বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দীর্ঘ দিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিচরণ করছিলেন। কোনোভাবে পুলিশের একটি পুরনো পোশাক সংগ্রহ করে সেটি গায়ে দিয়ে তিনি আদিতমারী এলাকায় চলে আসেন। ভোটকেন্দ্রের সামনে পুলিশের পোশাকে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার কথায় অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ থেকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করি। তদন্তে দেখা গেছে তিনি দীর্ঘ দিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। কোথা থেকে তিনি পুলিশের এই পুরনো ইউনিফর্মটি পেয়েছেন, আমরা তা খতিয়ে দেখছি। আপাতত তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিয়াজ আহমেদ সিপন/এমএএস