আট প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীরই নেই পোলিং এজেন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ছয় প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি। তবে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট এবং জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী শাপলা কলি প্রতীকে দিলশানা পারুলের এজেন্ট পাওয়া গেছে। তবে অন্য প্রতীকের প্রার্থীরা কয়েকটি বুথে নামমাত্র এজেন্ট দিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাভারের বিভিন্ন কেন্দ্র ঘুরে এ তথ্য পাওয়া যায়।
এসময় সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের তিনটি পুরুষ বুথের মধ্যে একটিতে শাপলা কলি, একটিতে হাতপাখা ও তিনটিতে ধানের শীষের এজেন্ট দেখা যায়। অপরদিকে চারটি নারী বুথে একটি লাঙ্গল, একটিতে হাতপাখা ও চারটিতে ধানের শীষের এজেন্ট দেখা গেছে।
সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাঈনুল ইসলাম বলেন, ধানের শীষ ও শাপলা কলি প্রতীকের প্রার্থীর এজেন্ট রয়েছে। বাকি প্রার্থীদের এজেন্টদের পাওয়া যায়নি বলে জানান তিনি।
অপরদিকে, বাড্ডা উচ্চ বিদ্যালয় ও কলেজের এক নম্বর নারী কেন্দ্রে ৫টি বুথে ধানের শীষ ও শাপলা কলির এজেন্ট উপস্থিত রয়েছে। দুই নম্বর কেন্দ্রে ৫টি কেন্দ্রও শাপলা কলি ও ধানের শীষের এজেন্ট দেখা যায়। অপরদিকে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এক নম্বরে ৫টি বুথের মধ্যে একটিতে ট্রাক, ৪টিতে শাপলা ও ধানের শীষের ৫ জন এজেন্ট রয়েছে। এছাড়া কেন্দ্র দুই নম্বরে ৫টি বুথে ধানের শীষ ও শাপলা কলির ৫টি এজেন্ট ও একজন ট্রাকের এজেন্ট রয়েছে।
পলাশবড়ী হাজী জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের চারটি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। এরমধ্যে চারটি বুথেই ধানের শীষ ও শাপলা কলি প্রার্থীর এজেন্ট এবং হাতপাখা প্রতীকের প্রার্থীর ২ জন এজেন্ট আছে। ২ নম্বর কেন্দ্রে চারটি পুরুষ বুথ রয়েছে। এর মধ্যে ধানের শীষ ও শাপলা কলির প্রার্থীর এজেন্ট রয়েছে। তবে অন্য শুধু ট্রাক প্রতীকের চার বুথে দুই এজেন্টকে পাওয়া গেছে।
অপরদিকে, ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে দুই কেন্দ্রে ৮টি বুথ। এরমধ্যে ধানের শীষ ও শাপলা কলি এজেন্ট এছাড়া ২ জন হাত পাখার এজেন্ট আছে।
ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার রতন চন্দ্র প্রধান বলেন, চারটি বুথ রয়েছে এই কেন্দ্রে। কিন্তু শাপলা কলি ও ধানের শীষের এজেন্ট থাকলেও অন্য কোনো প্রতীকের এজেন্ট পাওয়া যায়নি। তবে নির্বাচন সুষ্ঠভাবে হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ঢাকা-১৯ আসনের ২৭৫টি কেন্দ্র রয়েছে। এ সংসদীয় আসনে ৭ লাখ ৪৭ হাজার সত্তর জন ভোটার। এরমধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯০৭ জন পুরুষ ও ৩ লাখ ৬৭ হাজার ১৫০ জন নারী ভোটার রয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের দিলশানা পারুল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকে চৌধুরী হাসান সারওয়ার্দী, ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে মো.ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকে মো. কামরুল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. বাহাদুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মোহাম্মদ ফারুক খান, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে শেখ শওকত হোসেন।
লোটন আচার্য্য/এসএইচএ