রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকা সংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কসহ ক্যাম্পগুলোর প্রবেশমুখে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় লক্ষ্য করা গেছে। জেলার দুই উপজেলা উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংখ্যা ৩৩টি। যার মধ্যে উখিয়ায় রাজাপালং ও পালংখালীতে ২৬টি রোহিঙ্গা ক্যাম্প।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঘুরে দেখা গেছে, এই এলাকার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনীর অন্তত ২০টি তল্লাশি চৌকি সক্রিয় রয়েছে। উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্পের (৮ ইস্ট,৮ ওয়েস্ট,৯ ও ১০) প্রবেশ পথের পার্শ্ববর্তী বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লক্ষ্য করা যায়, কেন্দ্র ফটক থেকে শুরু সড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তৎপরতা অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ভোট সুষ্ঠু ও নিরাপদ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল গণনা পর্যন্ত এবং পরবর্তী সময়ে যেন পরিস্থিতিতে উপজেলা কমান্ড সেন্টার থেকে সার্বক্ষণিক কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
নারী ভোটারদের উপস্থিতি বেশি: সকাল থেকে জেলার প্রায় প্রতিটি কেন্দ্রে দলে দলে ভোট দিতে আসা ভোটারদের মধ্যে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কক্সবাজার-৩ আসনের কক্সবাজার সদর ও কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে।
নারী ভোটার আসমা উল হুসনা জানান, সকাল সকাল কেন্দ্রে এসেছি, ভোট আমার নাগরিক অধিকার। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভালোই লাগছে।
উখিয়ার একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজির আহমদ বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, কেন্দ্রে নারী ভোটার বেশি আসছেন। ভালোভাবেই কাস্টিং হচ্ছে।
উল্লেখ্য, জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৯৯২ জন এবং মোট ৫৯৮ টি কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন।