ভোট দেওয়া হলো না বৃদ্ধ বাবু মিয়ার, পথেই মৃত্যু

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়লে বাবু মিয়া পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নিকটস্থ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। ভোটকেন্দ্রের কাছাকাছি যাওয়ার পর হঠাৎ অসুস্থতাবোধ করেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন এগিয়ে আসেন এবং সহায়তার চেষ্টা করেন। ঘটনাস্থলেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভোটকেন্দ্রের সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, বাবু একটু আগেই ভোট দিতে কেন্দ্রে আসছিল। চোখের সামনেই লোকটা অকালে চলে গেল, ভোটটা আর দেওয়া হলো না।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ভোট কেন্দ্রে যাওয়ার পথে স্ট্রোক করে বাবু মিয়া নামের ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সোহেল হোসেন/ এনটি