ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে পুলিশ হেফাজতে যুবদল নেতা

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে তাকে হেফাজতে নেয় পুলিশ।
কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছে, তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে, খতিয়ে দেখার জন্য তাকে হেফাজতে নেওয়া হয়। তাকে থানায় নেওয়া হয়নি। ভোটকেন্দ্রের পাশেই তাকে পুলিশ হেফাজতে রাখা হয়।
এ ঘটনার পর ওই ভোট কেন্দ্রের পাশে আব্দুল মাজেদের কর্মী-সমর্থকেরা জড়ো হন। এর আগে ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও কেউ গুরুতর আহত হননি।
স্থানীয়দের দাবি, একজনের অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে নেয়।
তবে কোন অভিযোগ না থাকায় কিছু সময় পরে যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মজিদকে ছেড়ে দেওয়া হয়।
রবিউল আলম ইভান/এনটি