কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে চাই না : মঞ্জু

খুলনা-২ আসনের বিএনপি’র প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে চাই না। কোনো কর্মী কোনো আঘাতে মৃত্যু বরন করুক, চাইনা কোথাও কোনো দু:সংবাদ বয়ে আনুক। কেন্দ্রগুলো পরিবেশ খুব ভালো, এটা যেন শেষ পর্যন্ত এমন থাকে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সবকিছু কঠিনভাবে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রতীক্ষিত নির্বাচন আজ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। সেই যাত্রার চূড়ান্ত পর্বের এবারের নির্বাচন। খুলনায় বিএনপিতে বিষাদের ছায়া। সকালে আলিয়া মাদ্রাসার কেন্দ্রে প্রিন্সিপালের আঘাতে খুলনা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মহিদুজ্জামান কচির মৃত্যু হয়। আমরা অবিলম্বে প্রিন্সিপাল ও তার সহযোগীকে গ্রেপ্তারের এবং যারা নির্দেশ দিয়েছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, এবারের নির্বাচন আমরা আশা করেছিলাম সকল পক্ষই এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সেই পরিবেশ সৃষ্টি করবে। কিন্তু খুলনার পরিবেশ আজ সকাল থেকেই বিষাদের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি, জামায়াতের মতো একটি সংগঠন তার কর্মীদের আচরণ সংযত করার পরামর্শ দেব।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রার পরিবর্তনের জন্য জাতি যে আশা করেছিল, সেই প্রত্যাশা পূরণের রাজনীতি নিয়ে তারেক রহমান যাত্রা শুরু করেছেন। এ যাত্রায় সকলকে পাশে পেতে চাই এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি। আমরা আশা করব, এ নির্বাচনটি হবে বাংলাদেশের জন্য হবে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন, যে নির্বাচন হবে আনন্দদায়ক ও উৎসব মুখর। জনগণ ভোট দেবে দীর্ঘ ১৫ বছর পরে, একটি অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই জাতি ঐক্যভাবে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতি দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আগামীর যাত্রা সফল হবে। আমরা সেই যাত্রায় খুলনা বিএনপি এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করব। খুলনা বিএনপি’র ঘাঁটি এবং এই ঘাঁটি অঞ্চলে সকল নির্বাচনে বিএনপি সবসময় বিজয়ী হয়েছে এবং এবার নির্বাচনে বিজয়ী হবে। আমি আশাবাদী খুলনার ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয়কে তরন্বিত করবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। জাতি আগামী দিনের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন বিএনপি’র হাত ধরে বাস্তবায়িত হবে।
মোহাম্মদ মিলন/এমআইকে