৫১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জামায়াতের রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রজেক্টরে সরাসরি প্রকাশিত বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত ঘোষিত ৫১টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছেন ৫১ হাজার ৮৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ৫১ হাজার ৪৫৬ ভোট। এতে রফিকুল ইসলাম খান ৩৯২ ভোটে এগিয়ে আছেন।
এর আগে রাত ৯টায় ঘোষিত ৪৫টি কেন্দ্রের ফলাফলে রফিকুল ইসলাম খান ৯৯২ ভোটে এগিয়ে ছিলেন।
এই আসনে মোট ১৪৭টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে এই আসনেই সর্বোচ্চ ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।
নাজমুল হাসান/আরএআর