নরসিংদীতে পাঁচে পাঁচ বিএনপি, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নরসিংদীর ৫টি সংসদীয় আসনের ৬টি উপজেলার স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৫৮.৮২ ভাগ। মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৬৯১ এবং ভোট কেন্দ্র ১৪২টি।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। ভোট কাস্ট হয়েছে ৫৫ ভাগ। মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ এবং ভোট কেন্দ্র ৯১টি।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। ভোট কাস্ট হয়েছে ৬১ ভাগ। মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৯২৯ এবং ভোটকেন্দ্র ১০১টি।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। ভোট কাস্ট হয়েছে ৫৩.০৬ ভাগ। মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ৮৩৫ এবং ভোটকেন্দ্র ১৬২টি।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৪৯.০৫ ভাগ। মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭১৩ এবং ভোট কেন্দ্র ১৬৭টি।
এর আগে, নরসিংদী জেলার ৫টি আসনে মোট ৫টি পৌরসভা ৭১টি ইউনিয়নে ৬৬৩টি ভোটকেন্দ্রে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য, পুলিশের ১৫ শতাধিক সদস্য, বিজিবির ১৩ প্ল্যাটুন সদস্য ছাড়াও র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে মাঠে ছিলেন।
আমিনুর রহমান সাদী/এএমকে