ঝিনাইদহের তিন আসনে জামায়াতের জয়, একটিতে বিএনপি

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ঝিনাইদহের চারটি আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে এবং একটি আসনে বিজয়ী হয়েছে বিএনপি।
ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৫৫ ভোট।
ঝিনাইদহ-২ আসনে বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো. আবু বকর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোটে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল মজিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট।
ঝিনাইদহ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেহেদী হাসান রনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট।
ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামীর আবু তালিব দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী রাশেদ খান ধানের শীষ প্রতীকে ৫৬ হাজার ২২৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ঝিনাইদহের চারটি আসনের মধ্যে জামায়াত তিনটিতে জয়লাভ করেছে। অপরদিকে একটি আসনে জয় পেয়েছে বিএনপি।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফল বেসরকারি হিসেবেই ধরে নিতে হবে।
জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল আল মাসউদ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহের ৪টি আসনের এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
আব্দুল্লাহ আল মামুন/আরএআর