কুড়িগ্রাম-৪ আসনে বড় ভাইকে হারিয়ে ছোট ভাই জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে বড় ভাইকে হারিয়ে জয় পেয়েছেন ছোট ভাই। এ আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়েছেন।
মোস্তাফিজুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও তার বড় ভাই বিএনপির প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। তাদের মধ্যে মোট ভোটের ব্যবধান ২৩ হাজার ৭৮৭টি।
এ বিষয়ে জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, এখন আমি সবার প্রতিনিধি হয়ে সেবা করতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।
তিনি আরও বলেন, আমার বড় ভাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ। এক সময় আমি তার হাত ধরেই রাজনীতি শুরু করেছিলাম। বড় ভাইয়ের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করাবো।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২ হাজার ৮৪৫টি। ভোটের হার ছিল ৬২ দশমিক ৩৪ শতাংশ। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মমিনুল ইসলাম বাবু/আরএআর