কক্সবাজারের চারটি আসনেই বিএনপি জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান এ ফলাফল ঘোষণা করেন। চারটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
কক্সবাজার–১ (চকরিয়া ও পেকুয়া) : চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৮৯০ জন। এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
পোস্টাল ব্যালটসহ ১৭৮টি কেন্দ্রে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। ৯২ হাজার ২৯১ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন সালাহউদ্দিন আহমদ। আসনটিতে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬৭ দশমিক ৬ শতাংশ।
কক্সবাজার–২ (মহেশখালী ও কুতুবদিয়া) : দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন। বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জামায়াতে ইসলামীর ড. এ এইচএম হামিদুর রহমান আজাদ ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী।
পোস্টাল ব্যালটসহ ১২৫টি কেন্দ্রে আলমগীর ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান আজাদ পেয়েছেন ৯১ হাজার ৮৮৯ ভোট। ২৫ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আলমগীর ফরিদ। আসনটিতে মোট প্রদত্ত ভোট ৬০ শতাংশ।
কক্সবাজার–৩ (সদর, রামু ও ঈদগাঁও) : সদর উপজেলা, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত জেলার সর্বোচ্চ ভোটারসংবলিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৯৬৩ জন। বিএনপির লুৎফুর রহমান কাজল এবং জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুরের মধ্যে হয় মূল প্রতিদ্বন্দ্বিতা।
পোস্টাল ব্যালটসহ ১৮৩টি কেন্দ্রে লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট। শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮২৭ ভোট। ২০ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন লুৎফুর রহমান কাজল। আসনটিতে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬৫ দশমিক ৩১ শতাংশ।
কক্সবাজার–৪ (উখিয়া,টেকনাফ) : উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন। বিএনপির জেলা সভাপতি শাহাজাহান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির নূর আহমদ আনোয়ারী ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী।
পোস্টাল ব্যালটসহ ১১৬টি কেন্দ্রে শাহাজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। নূর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। মাত্র ১ হাজার ৫৪৯ ভোটের স্বল্প ব্যবধানে বিজয়ী হয়েছেন শাহাজাহান চৌধুরী। আসনটিতে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬৭ দশমিক ৯৪ শতাংশ।
ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ