চাঁপাইনবাবগঞ্জে ১৬ প্রার্থীর মধ্যে ১০ জনই হারালেন জামানত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা জয় লাভ করেছেন। তবে এ জেলায় নির্বাচনে মূলত জামায়াত ও বিএনপির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ অন্যান্য দলের প্রার্থীরা একদিকে পর্যাপ্ত পোলিং এজেন্ট দিতে পারেননি আবার নির্বাচনী ফলাফল শেষে জামানতও বায়োজাপ্ত হয়েছে তাদের।
জানা যায়, ত্রবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে ৬ জন ছাড়া বাকি সবাই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ১০ প্রার্থীর কেউই তাদের মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন: এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৪৪ হাজার ৩৭৮ ভোট।
এছাড়া এ আসনে জাতীয় পার্টির আফজাল হোসেন ২ হাজার ২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ১ হাজার ৮৩ ভোট ও ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা ৪৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমাস্তাপুর ও ভোলাহাট) আসন : এই আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১৬ হাজার ১০৮।
এ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম ৬২৬ ভোট, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম ৮ হাজার ১৭৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল ১ হাজার ৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন : এই আসনে ১৭২টি কেন্দ্র ছিল এবং সবকটি কেন্দ্র মিলিয়ে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৮ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৫৯ হাজার ১৪৮ ভোট।
এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন সুমন ৬৩৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ৮২০ ভোট ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম ৩৬১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনাববগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছে 'হ্যাঁ' ভোট।
আশিক আল/এসএইচএ